শহিদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের দুই দফা দাবি।
ইনকিলাব মঞ্চ শহিদ শরিফ ওসমান হাদি গুলিতে নিহত হওয়ার ঘটনায় দায়ীদের দ্রুত বিচার দাবি করেছে। রোববার (২১ ডিসেম্বর) বিকেল পৌনে ৪টায় সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেইজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে দুই দফা দাবি তুলে ধরা হয়।
সংগঠনটি জানিয়েছে, খুনি, পরিকল্পনাকারী, সহায়তাকারী, পলায়নকারী ও আশ্রয়দাতাসহ হত্যাচক্রকে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। এছাড়া, ১২ ডিসেম্বর থেকে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বিচার প্রক্রিয়ার কোন পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টা খোদা বক্সকে জাতির সামনে ব্যাখ্যা করতে হবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, সিভিল মিলিটারি ইন্টেলিজেন্সে লুকিয়ে থাকা ফ্যাসিস্টদের চিহ্নিত করে গ্রেপ্তার ও বিচারের মুখোমুখি করা জরুরি। রোববারের সংবাদ সম্মেলনে যথাযথ ব্যাখ্যা না দিলে, স্বরাষ্ট্র উপদেষ্টা ও সহকারী উপদেষ্টাকে দায়িত্ব নেওয়ার ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হবে।

মতামত দিন