শহীদ হাদির কবরে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির শেষ শয্যায় শ্রদ্ধা জানাতে রোববার সকাল থেকেই মানুষের ভিড় জমতে শুরু করে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি সংলগ্ন কবরস্থানে সাধারণ মানুষের পাশাপাশি বিভিন্ন শ্রেণি–পেশা ও রাজনৈতিক অঙ্গনের প্রতিনিধিরা উপস্থিত হন।
যেসব নেতা ও কর্মী গতকাল হাদির জানাজায় অংশ নিতে পারেননি, তাদের অনেকেই আজ কবর জিয়ারত করতে আসেন। এ সময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও হাদির কবরে শ্রদ্ধা জানান।
কবর প্রাঙ্গণে আসা মানুষের কণ্ঠে ছিল একটাই দাবি—এ ধরনের সাহসী নেতৃত্বের প্রাণহানি যেন আর না ঘটে। পাশাপাশি হাদি হত্যাকাণ্ডে রাষ্ট্রযন্ত্রের কোনো গাফিলতি বা ব্যর্থতা রয়েছে কি না, তা নিরপেক্ষভাবে তদন্তের আহ্বান জানান তারা।
এর আগে শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি চত্বরে শরীফ ওসমান হাদিকে দাফন করা হয়। তার আগে দুপুরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় জানাজা। বড় ভাই আবু বকর সিদ্দিক জানাজার নামাজে ইমামতি করেন। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্য, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।

মতামত দিন