রাজনীতি
ছবি: সংগৃহীত

রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া-২ থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়বেন।

নিজেস্ব প্রতিবেদক:

জাতীয় সংসদের সাবেক সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক রুমিন ফারহানা দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেয়ার ঘোষণা দিয়েছেন।

শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বিটঘর বাজারে অনুষ্ঠিত দোয়া ও মতবিনিময় সভায় বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ ঘোষণা দেন।

রুমিন ফারহানা বলেন, “আমি যা বলি, আমি তা করি। আমার এলাকার মানুষের সিদ্ধান্তই আমার চূড়ান্ত সিদ্ধান্ত। আপনারা পাশে থাকলে সরাইল-আশুগঞ্জ থেকেই নির্বাচন করব।” তিনি আরও বলেন, অন্যান্য আসনে যখন মনোনয়ন নিয়ে উৎসব চলছে, তখন এই এলাকার মানুষ এখনও জানে না তাদের এমপি প্রার্থী কে, যা দুঃখজনক।

তিনি নিজের রাজনৈতিক পথচলা উল্লেখ করে বলেন, গত ১৭ বছর আমি কী ভূমিকা রেখেছি, মানুষ তা জানে। তিনি বাবার অপূর্ণ স্বপ্ন পূরণে রাজনীতিতে রয়েছেন এবং এলাকার মানুষ পাশে থাকলে দেশের জন্য কাজ করতে পারবেন।

রুমিন ফারহানা আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বলেন, বাংলাদেশি জনগণ গত ১৫ বছরে প্রকৃত ভোট দিতে পারেনি। সরাইল ও আশুগঞ্জকে মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার পরিকল্পনা বাস্তবায়ন করবেন তিনি, যদি নির্বাচিত হন।

উল্লেখ্য, বিএনপি ইতোমধ্যে ২৭২ আসনে প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে এখনো প্রার্থী নেই। রুমিন ফারহানা গত কয়েক মাস ধরে এ আসনে নিয়মিত গণসংযোগ এবং সামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছেন।

মতামত দিন