রাজনীতি
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের শহীদ শরিফ ওসমান হাদির দাফন সম্পন্ন।

নিজেস্ব প্রতিবেদক:

কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে সমাহিত করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে জাতীয় নজরুল চত্বরে তার শেষকৃত্য অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুরে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় হাদির জানাজার নামাজ অনুষ্ঠিত হয়, যা তার বড় ভাই পরিচালনা করেন। জানাজায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, অন্যান্য উপদেষ্টা, রাজনৈতিক নেতারা এবং অসংখ্য মানুষ অংশ নেন। এরপর তার মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানাজার আগে বলেন, শরীফ ওসমান হাদির মন্ত্র ছিল “বল বীর চির উন্নত মম শির”, যা আমাদের মাথা নত না করার শিক্ষা দিয়েছে। তিনি বলেন, এই মন্ত্র আমাদের মনে চিরকাল থেকে যাবে।

ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের বলেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলাকারী এখনও গ্রেফতার হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে তাদের পদক্ষেপ সম্পর্কে জনগণকে জানানোর দাবি জানানো হয়েছে।

মরদেহের জন্য সকালে প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। ভোর থেকেই দূরদূরান্ত থেকে বহু মানুষ হাসপাতালে এবং জাতীয় সংসদ এলাকায় এসে হাদিকে শেষবারের মতো দেখতে যান।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন হাদি। ঢাকা মেডিকেল হাসপাতালে তার অস্ত্রোপচার হয়। পরে পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়। তার মৃত্যুতে শনিবার সারাদেশে রাষ্ট্রীয় শোক পালিত হচ্ছে।

মতামত দিন