রাজনীতি
ছবি: সংগৃহীত

শরিফ হাদির জানাজার পর শাহবাগে জনসাধারণের শান্তিপূর্ণ সমাবেশ আহ্বান।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই বিপ্লবী শরিফ ওসমান হাদির জানাজা ও দাফনের পর জনসাধারণকে শাহবাগে শান্তিপূর্ণভাবে জড়ো হওয়ার আহ্বান জানানো হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকালে পরিবারের পক্ষ থেকে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের এই ঘোষণা দেন।

জাবের সংবাদ সম্মেলনে বিশেষভাবে বলেন, কেউ সহিংসতার প্রচারণায় অংশগ্রহণ করবেন না। ইনকিলাব মঞ্চ থেকে পরবর্তী সব সিদ্ধান্ত সরাসরি ঘোষণা করা হবে। তিনি আরও দাবি করেন, এক সপ্তাহ পেরিয়ে গেলেও হাদির ওপর হামলার মূল আসামিকে গ্রেফতার করা হয়নি। আগামী ২৪ ঘণ্টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরীকে জনসমক্ষে হাদির হত্যার বিষয়ে পদক্ষেপ জানানোর আহ্বান জানানো হয়েছে।

হাদির মরদেহ ময়নাতদন্তের জন্য প্রথমে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয়। এরপর গোসলের জন্য মরদেহটি জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে সরানো হয়।

শনিবার ভোর থেকেই হাসপাতাল ও জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার আশেপাশে অনেক মানুষ হাদিকে শেষবারের মতো দেখতে জড়ো হন। জানাজার জন্য উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও উপদেষ্টা পরিষদের সদস্যরা।

জানাজার অনুষ্ঠানে ধর্ম উপদেষ্টা ও প্রধান উপদেষ্টা বক্তব্য রাখেন। হাদির বড় ভাই নামাজে ইমামতি করেন।

শরিফ হাদি ১২ ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় মাথায় গুলি লেগে গুরুতর আহত হন। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে অস্ত্রোপচার করা হয়। এরপর পরিবারের ইচ্ছায় তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। ১৫ ডিসেম্বর উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়, যেখানে তিনি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৯ ডিসেম্বর রাত সাড়ে ৯টায় মৃত্যুবরণ করেন।

মতামত দিন