জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে শেষ গোসলের অপেক্ষায় নিথর ওসমান হাদি।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির মরদেহ ময়নাতদন্ত শেষে রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নেওয়া হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে তার মরদেহ সেখানে পৌঁছায়।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে গোসল ও অন্যান্য ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে হাদির মরদেহ জানাজার জন্য প্রস্তুত করা হবে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।
হাদিকে শেষবারের মতো দেখতে শনিবার ভোর থেকেই হাসপাতাল চত্বরে জড়ো হতে থাকেন বিভিন্ন এলাকা থেকে আসা মানুষ। রাজনৈতিক সহকর্মী, সমর্থক ও সাধারণ মানুষের উপস্থিতিতে সেখানে এক শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়।
এদিকে শরিফ ওসমান হাদির মৃত্যুতে আজ শনিবার সারা দেশে একদিনের রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। এ উপলক্ষে সব সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সরকারি-বেসরকারি ভবনে এবং বিদেশে অবস্থিত বাংলাদেশ মিশনগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক ঘোষণার কথা জানান।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর দুপুরে রাজধানীতে নির্বাচনী তৎপরতার সময় দুর্বৃত্তের গুলিতে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্রোপচার করা হয় তাকে। পরে পরিবারের সিদ্ধান্তে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

মতামত দিন