রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় কবি নজরুলের সমাধিস্থলের পাশে সমাহিত হচ্ছেন শরীফ ওসমান হাদি।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই আন্দোলনের যোদ্ধা শরীফ ওসমান হাদির চূড়ান্ত দাফনস্থান নির্ধারণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পার্শ্ববর্তী স্থানে তাকে দাফন করা হবে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা গেছে, শুক্রবার (১৯ ডিসেম্বর) রাতেই ঢাকা বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের এক জরুরি অনলাইন সভায় এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সাইফুদ্দীন আহমদ বিষয়টি নিশ্চিত করে বলেন, হাদির পরিবারের আবেদন, সরকারের মন্ত্রিপরিষদ বিভাগের মতামত এবং ডাকসুর পক্ষ থেকে পাঠানো আনুষ্ঠানিক চিঠির আলোকে এই সিদ্ধান্তে পৌঁছেছে বিশ্ববিদ্যালয়।

তিনি জানান, কেন্দ্রীয় মসজিদের সংলগ্ন এলাকায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধি রয়েছে। ওই প্রাঙ্গণে এর আগেও বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বিশিষ্ট শিক্ষক ও বুদ্ধিজীবীকে সমাহিত করা হয়েছে।

এদিকে, হাদির দাফন অনুষ্ঠানকে ঘিরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে, তা নিয়েও সিন্ডিকেট সভায় বিস্তারিত আলোচনা হয়েছে বলে জানান প্রক্টর।

উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টন এলাকায় নির্বাচনী প্রচারণা চলাকালে মাথায় গুলিবিদ্ধ হন শরীফ ওসমান হাদি। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাকে সিঙ্গাপুর পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মতামত দিন