লন্ডনের উদ্দেশ্যে আজ সকালে ঢাকা ছেড়েছেন ডা. জুবাইদা রহমান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান ঢাকার উদ্দেশ্যে সংক্ষিপ্ত অবস্থান শেষে আবার যুক্তরাজ্যের লন্ডনে ফিরে গেছেন। শনিবার (২০ ডিসেম্বর) সকালে তিনি রাজধানী ত্যাগ করেন।
দলীয় সূত্রে জানা গেছে, সকাল সাড়ে ৮টার দিকে কাতার এয়ারওয়েজের একটি নিয়মিত ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে রওনা দেন ডা. জুবাইদা রহমান। ফ্লাইটটি সিলেট হয়ে সরাসরি যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, জুবাইদা রহমান লন্ডনে পৌঁছানোর পর তারেক রহমান ও তাদের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে সঙ্গে নিয়ে আগামী বৃহস্পতিবার দেশে ফেরার প্রস্তুতি রয়েছে।
এদিকে, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে আশাব্যঞ্জক তথ্য দিয়েছেন চিকিৎসকরা। কয়েক দিন আগের তুলনায় তার স্বাস্থ্যের অবস্থা বর্তমানে আরও স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসা সংশ্লিষ্টরা।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেলে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, গত প্রায় এক মাস ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন থাকলেও বর্তমানে তার অবস্থা আগের তুলনায় ভালো।
তিনি জানান, শুক্রবার খালেদা জিয়াকে একটি ছোট চিকিৎসা প্রক্রিয়ার জন্য অপারেশন থিয়েটারে নেওয়া হয়, যা সফলভাবে সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি সিসিইউ সুবিধাসংবলিত কেবিনে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ডা. জাহিদ হোসেন আরও বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তার পরিবার ও বিএনপির পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হচ্ছে—যাতে চিকিৎসা কার্যক্রম অব্যাহত থাকে এবং আল্লাহ তায়ালা বেগম খালেদা জিয়াকে দ্রুত আরও সুস্থতার পথে এগিয়ে নেন।

মতামত দিন