রাজনীতি
ছবি: সংগৃহীত

মানিক মিয়া অ্যাভিনিউয়ে হাদির জানাজা আজ, সকাল থেকেই মানুষের ঢল।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির জানাজা আজ শনিবার (২০ ডিসেম্বর) দুপুর ২টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে অনুষ্ঠিত হবে। নির্ধারিত সময়ের অনেক আগেই সেখানে জড়ো হতে শুরু করেছেন বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ।

সকাল থেকেই মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায় মানুষের উপস্থিতি বাড়তে থাকে। জানাজাকে ঘিরে সেখানে নানা স্লোগান দিতে দেখা যায়। অংশগ্রহণকারীরা বলেন, ‘আমরা সবাই হাদি হবো, যুগে যুগে লড়াই চলবে’, ‘হাদি ভাইয়ের রক্ত বৃথা যেতে দেব না’—এমন নানা প্রতিবাদী কণ্ঠে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

জানাজার নিরাপত্তা নিশ্চিত করতে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রায় এক হাজার বডি-ওর্ন ক্যামেরা ব্যবহারসহ বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী টহল দিচ্ছে এবং র‍্যাব ও আনসার সদস্যদেরও অবস্থান রয়েছে এলাকায়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ জানিয়েছেন, জানাজায় ইমামতি করবেন শহীদ হাদির বড় ভাই আবু বকর সিদ্দিক। জানাজা শেষে তাকে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশেই দাফন করা হবে।

উল্লেখ্য, গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে মারা যান শরিফ ওসমান হাদি। তার মৃত্যুর পর থেকেই দেশজুড়ে শোক ও ক্ষোভের আবহ বিরাজ করছে।

মতামত দিন