শরিফ ওসমান হাদির জানাজায় ইমামতি করবেন বড় ভাই।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (২০ ডিসেম্বর) দুপুরে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউ এলাকায়। জানাজার নামাজ পরিচালনা করবেন তার জ্যেষ্ঠ ভাই আবু বকর সিদ্দিক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক এবং ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, জানাজা শেষে হাদিকে সমাহিত করা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিস্থলের পাশেই।
এ বিষয়ে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে জানানো হয়েছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজন করা হবে। অনুষ্ঠান ঘিরে নিরাপত্তাজনিত কারণে অংশগ্রহণকারীদের জন্য কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। জানাজাস্থলে ভারী ব্যাগ, শক্ত বস্তু বহন না করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সংসদ ভবনসংলগ্ন আকাশসীমায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
এর আগে শুক্রবার সন্ধ্যার দিকে সিঙ্গাপুর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে করে শরিফ ওসমান হাদির মরদেহ ঢাকায় আনা হয়। বিমানবন্দর থেকে মরদেহ সংরক্ষণের জন্য হিমাগারে পাঠানো হয়েছে। ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, জানাজা শেষে তাকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় দাফন করা হবে।

মতামত দিন