শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাতে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন এনসিপির স্বাস্থ্য সেলের প্রধান ও হাদির চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক ডা. আব্দুল আহাদ। তিনি জানান, সিঙ্গাপুর স্থানীয় সময় বিকাল ৩টা ৫০ মিনিটে মরদেহবাহী ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেবে।
এদিকে ইনকিলাব মঞ্চ জানিয়েছে, শুক্রবার সকাল ১০টায় সিঙ্গাপুরের দ্য আঙ্গুলিয়া মসজিদে হাদির প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। দেশে আনার পর শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে তার দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
উল্লেখ্য, আততায়ীর গুলিতে গুরুতর আহত হয়ে টানা সাত দিন মৃত্যুর সঙ্গে লড়াই শেষে বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন শরিফ ওসমান হাদি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। জুলাই গণঅভ্যুত্থান–পরবর্তী সময়ে অভ্যুত্থানের ইতিহাস সংরক্ষণ ও আন্দোলনকে সাংগঠনিক রূপ দিতে তিনি গড়ে তোলেন ইনকিলাব মঞ্চ।
হাদির মৃত্যুর খবর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নিশ্চিত করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ভাষণের শুরুতেই তিনি বলেন, সিঙ্গাপুরে চিকিৎসাধীন জুলাই গণঅভ্যুত্থানের অকুতোভয় যোদ্ধা শরিফ ওসমান হাদি আর বেঁচে নেই—এটি জাতির জন্য গভীর বেদনাদায়ক সংবাদ।
হাদির মৃত্যুতে রাত সাড়ে ১২টার পরপরই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সদস্যরা শোক প্রকাশ করেন। পাশাপাশি বিএনপি, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন গভীর শোক জানায়।
সরকারের পক্ষ থেকে আজ দোয়া মাহফিল এবং আগামীকাল রাষ্ট্রীয় শোক কর্মসূচি পালনের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে।

মতামত দিন