হাদির হত্যাকারীদের ফেরত না দেওয়া পর্যন্ত ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে: সারজিস আলম।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার সঙ্গে জড়িতদের দেশে ফিরিয়ে না দেওয়া পর্যন্ত বাংলাদেশে ভারতীয় হাইকমিশন বন্ধ থাকবে—এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত ১০টা ৪১ মিনিটে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
ওই পোস্টে সারজিস আলম অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে লেখেন, শহীদ হাদি ভাইয়ের খুনিদের যতক্ষণ পর্যন্ত ভারত বাংলাদেশে ফিরিয়ে না দেবে, ততক্ষণ ভারতীয় হাইকমিশন বন্ধ রাখা হবে। তিনি এ অবস্থানকে সময়ের অনিবার্য সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করেন।
পোস্টে ইংরেজিতেও কঠোর ভাষায় তিনি লেখেন, “Now or Never. We are in a war!”
এর আগে একই দিন রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যু হয়।
হাদির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জারি বিভাগের চিকিৎসক ও ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব ডা. মো. আব্দুল আহাদ এবং ইনকিলাব মঞ্চের সংগঠক ফাতিমা তাসনিম।
এদিকে রাতে ইনকিলাব মঞ্চ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে হাদির মৃত্যুর খবর জানায়। সেখানে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াইয়ে মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।’
মতামত দিন