রাজনীতি
ছবি: সংগৃহীত

মৃত্যুঝুঁকিতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি,সিঙ্গাপুরেই অস্ত্রোপচারের সিদ্ধান্ত।

নিজেস্ব প্রতিবেদক:

গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে ভর্তি ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদির শারীরিক অবস্থা এখনও সংকটমুক্ত নয়। সংশ্লিষ্টরা জানিয়েছেন, তার পরিস্থিতি অত্যন্ত গুরুতর এবং চিকিৎসকরা তাকে উচ্চ ঝুঁকির রোগী হিসেবে পর্যবেক্ষণে রেখেছেন।

চিকিৎসার পরবর্তী ধাপ নিয়ে আলোচনা হলেও তাকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে নেওয়ার সিদ্ধান্ত থেকে সরে এসেছে পরিবার। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকদের মতে, দীর্ঘ ফ্লাইট তার শরীর সহ্য করতে নাও পারে। এ কারণেই এখানেই অস্ত্রোপচারসহ পরবর্তী চিকিৎসা চালিয়ে যাওয়ার বিষয়ে সম্মতি দিয়েছে পরিবার।

হাসপাতাল সূত্রে জানা গেছে, বর্তমানে তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। চিকিৎসকরা তার অবস্থা বুঝে ধাপে ধাপে সিদ্ধান্ত নিচ্ছেন।

এদিকে ওসমান হাদির জন্য দেশবাসীর কাছে দোয়ার আহ্বান জানিয়েছে ইনকিলাব মঞ্চ। বৃহস্পতিবার বিকেলে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় সংগঠনটি আল্লাহর কাছে তার সুস্থতা কামনা করতে সবাইকে অনুরোধ জানায়।

ওই বার্তায় আরও বলা হয়, যদি হাদির মৃত্যু ঘটে, তাহলে হামলার বিচার ও রাষ্ট্রীয় সার্বভৌমত্বের দাবিতে রাজধানীর শাহবাগে কর্মসূচির ডাক দেওয়া হবে। একই সঙ্গে হামলাকারীদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণাও দেওয়া হয়। অভিযুক্তরা বিদেশে পালালে কূটনৈতিকভাবে তাদের ফিরিয়ে আনার দাবিও জানানো হয়েছে।

প্রসঙ্গত, গত ১২ ডিসেম্বর দুপুরে পুরানা পল্টনের বক্স কালভার্ট এলাকায় ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তরা। প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়, পরে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে সিঙ্গাপুরে পাঠানো হয়।

মতামত দিন