সংকটাপন্ন অবস্থায় হাদির সবশেষ অবস্থা জানিয়ে ‘অগ্রিম’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির অবস্থা চরম আশঙ্কাজনক বলে জানিয়েছে তার সংগঠন। চিকিৎসকদের পরামর্শে পরিবার সিঙ্গাপুরেই তার অস্ত্রোপচারে সম্মতি দিয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ইনকিলাব মঞ্চের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, শরিফ ওসমান হাদি বর্তমানে জীবন ও মৃত্যুর মাঝামাঝি অবস্থায় রয়েছেন। এই পরিস্থিতিতে তার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
বিবৃতিতে বলা হয়, “পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে। আল্লাহ যেন তাকে হায়াতে তাইয়্যেবাহ দান করেন—এই দোয়াই আমাদের প্রত্যাশা।”
একই সঙ্গে বিবৃতিতে ভবিষ্যৎ কর্মসূচি নিয়েও কড়া ভাষায় অবস্থান তুলে ধরা হয়। সেখানে বলা হয়, যদি হাদি আল্লাহর ডাকে সাড়া দিয়ে শহীদ হন, তাহলে স্বাধীনতাকামী জনগণকে শাহবাগে সমবেত হওয়ার আহ্বান জানানো হবে। খুনিদের গ্রেপ্তার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত রাখার ঘোষণাও দেওয়া হয়।
এ ছাড়া অভিযুক্তরা দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলে, কূটনৈতিক আলোচনার মাধ্যমে তাদের ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয়েছে।

মতামত দিন