আজ দ্বিতীয় পর্যায়ে মনোনীত প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলীয় প্রার্থীদের জন্য নতুন করে নির্দেশনা দিতে আজ আবার বসছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। দ্বিতীয় ধাপে প্রায় একশ’ মনোনীত প্রার্থীর সঙ্গে মতবিনিময় করা হবে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে একে একে উপস্থিত হতে থাকেন প্রার্থীরা। নির্ধারিত সূচি অনুযায়ী বেলা ১১টার দিকে আলোচনা শুরু হওয়ার কথা। পরে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য দেবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
দলীয় সূত্র জানায়, নির্বাচনী মাঠে নামার আগে প্রার্থীদের সাংগঠনিক করণীয়, প্রচারণার সীমা ও কৌশল, আইনগত বিষয় এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলাপই এই বৈঠকের মূল উদ্দেশ্য। তিন দিনের কর্মসূচির এটি দ্বিতীয় দিন।
এর আগে বিএনপি ধাপে ধাপে ২৭২টি আসনে প্রার্থীর নাম প্রকাশ করেছে। বাকি আসনগুলো নিয়ে দলটি পর্যবেক্ষণ চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে।
মতামত দিন