ওসমান হাদির সুস্থতায় সময় লাগবে, দ্রুত ফেরার আশা অবাস্তব: ডা. রাফি।
সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অর্থোপেডিক্স অ্যান্ড স্পোর্টস সার্জারি বিভাগের ক্লিনিক্যাল ফেলো ডা. আব্দুল্লাহ আল রাফি বলেছেন, ওসমান হাদি আল্লাহর ইচ্ছায় ফিরে আসবেন—তবে সেটা খুব দ্রুত ঘটবে বলে ভাবা বাস্তবসম্মত নয়। তার ভাষায়, কেউ যদি দ্রুত সুস্থ হয়ে ফেরার আশা করেন, তাহলে সেটি অবাস্তব প্রত্যাশা।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি হাদির চিকিৎসা পরিস্থিতি নিয়ে বিস্তারিত ব্যাখ্যা দেন।
ডা. রাফি জানান, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরোসার্জারি বিভাগ আন্তর্জাতিকভাবে অত্যন্ত উন্নত। এখানে নিউরোসার্জারির জন্য আলাদা ন্যাশনাল নিউরোসাইন্স ইনস্টিটিউট (এনএনআই) রয়েছে, যেখানে রোবোটিক সার্জারিসহ সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহার করা হয়।
তিনি বলেন, হাদির মাথার ভেতরে বুলেটের একটি অংশ রয়ে যাওয়ার যে তথ্য রয়েছে, সে কারণে তার অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ইন্ট্রা-অপারেটিভ এমআরআই করা অত্যন্ত জরুরি হতে পারে। এই ধরনের সার্জিক্যাল সুবিধা বাংলাদেশ বা আশপাশের অনেক দেশেই নেই। সে কারণে চিকিৎসার স্থান হিসেবে এটি পরিবারের একটি যথাযথ সিদ্ধান্ত বলেও মন্তব্য করেন তিনি।
হাদির বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে ডা. রাফি জানান, জিসিএস থ্রি অবস্থায় থাকা রোগীদের ক্ষেত্রে দ্রুত উন্নতির সম্ভাবনা থাকে না। চিকিৎসা প্রক্রিয়াটি দীর্ঘমেয়াদি হতে পারে।
উদাহরণ টেনে তিনি বলেন, সম্প্রতি একই হাসপাতালে একজন গুরুতর হেড ইনজুরি রোগীকে তিন মাসেরও বেশি সময় আইসিইউতে থাকতে হয়েছে। ফলে হাদির ক্ষেত্রেও বিষয়টি দু-এক দিনের নয়।
তিনি আরও বলেন, হাদিকে রাতারাতি সুস্থ করা সম্ভব নয়। উন্নতি হলেও দীর্ঘ সময় আইসিইউ পর্যবেক্ষণে থাকতে হতে পারে। এমনকি ভবিষ্যতে সুস্থ হয়ে উঠলেও তাকে নানাবিধ শারীরিক ও স্নায়বিক জটিলতার মধ্য দিয়ে যেতে হতে পারে।

মতামত দিন