যুক্তরাজ্যে আজ তারেক রহমানের শেষ কর্মসূচি।
মহান বিজয় দিবসের সুবর্ণ উপলক্ষে যুক্তরাজ্যে অবস্থানরত বিএনপি নেতাকর্মীদের সঙ্গে শেষ আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে প্রত্যাবর্তনের আগে এটাই তার লন্ডনে সম্ভাব্য শেষ অনুষ্ঠান।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বিকেল ৫টায় সিটি প্যাভিলিয়নে আয়োজিত সভায় দলের নেতাকর্মীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন তিনি। লন্ডনের স্থানীয় নেতারা জানিয়েছেন, সময়ের সীমাবদ্ধতার কারণে কমিউনিটি ও সুধীজনদের সঙ্গে আলাদা কোনো অনুষ্ঠান রাখা হয়নি।
যুক্তরাজ্য বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খসরুজ্জামান খসরু বলেন, দেশে ফেরার আগে এই জনসভার প্রতি নেতাকর্মীদের আগ্রহ অত্যন্ত বেশি। সফল করার জন্য সর্বাত্মক প্রস্তুতি নেওয়া হয়েছে।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক, এবং সভা পরিচালনা করবেন জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।
পরবর্তী পরিকল্পনা অনুযায়ী, আগামী ২৪ ডিসেম্বর লন্ডনের কিংস্টন থেকে হিথ্রো বিমানবন্দরে যাত্রার পথে নেতাকর্মীরা তারেক রহমানকে বিদায় জানাবেন। উল্লেখ্য, ২০০৭ সালের এক-এগারো পটপরিবর্তনের পর তিনি গ্রেফতার হন, ২০০৮ সালে কারাগার থেকে মুক্তি পেয়ে চিকিৎসার জন্য যুক্তরাজ্যে সপরিবারে যান এবং সেখানেই অবস্থান করছেন।
মতামত দিন