ঐক্যবদ্ধ শক্তির মাধ্যমেই আগামী বাংলাদেশের বিজয় নিশ্চিত হবে: নাহিদ ইসলাম।
মহান বিজয় দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন শেষে নিরাপত্তা ও রাজনীতির ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে স্পষ্ট বক্তব্য দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে নিজেদের নিরাপত্তা নিজেরাই নিশ্চিত করতে হয়েছে এবং আবারও দেশ সেই বাস্তবতার দিকে এগোচ্ছে।
নাহিদ ইসলাম বলেন, সরকার কিংবা পুলিশের ওপর সম্পূর্ণ নির্ভর করে নিজেদের জীবন বা জুলাই আন্দোলনের যোদ্ধাদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।এই পরিস্থিতিতে তিনি জনগণকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।
আগামী জাতীয় নির্বাচন প্রসঙ্গে এনসিপির আহ্বায়ক বলেন, এই নির্বাচন কেবল ক্ষমতার লড়াই নয়, বরং সংস্কারের পক্ষে গণভোটে পরিণত হবে—এমন প্রত্যাশাই তারা করছেন। তার ভাষায়, জনগণের মধ্যে সংস্কারের পক্ষে একটি গণজোয়ার সৃষ্টি হবে।
দলের প্রার্থীদের উদ্দেশে তিনি বলেন, যারা এনসিপি থেকে সংসদ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন, তারা সংস্কারের পক্ষে অবস্থান নিয়ে জনগণের কাছে যাবেন। ‘হ্যাঁ’-এর পক্ষে জনসমর্থন চেয়ে শাপলাকলি প্রতীকে মানুষের দোরগোড়ায় পৌঁছানোর নির্দেশনাও দেন তিনি। নাহিদ ইসলাম বলেন, সংস্কারের মধ্য দিয়েই বাংলাদেশকে সামনে এগিয়ে নেওয়া হবে এবং দেশকে আর কখনোই ৫ আগস্টের আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না।
তিনি আরও বলেন, নতুন বাংলাদেশের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠা এবং ভবিষ্যৎমুখী রাজনীতির অঙ্গীকারই আজকের বিজয় দিবসে তাদের প্রতিজ্ঞা।
বক্তব্যের শেষাংশে নাহিদ ইসলাম জোর দিয়ে বলেন, এনসিপি ঐক্যবদ্ধ রয়েছে। একাত্তরের দালাল এবং চব্বিশের দালাল—উভয়ের বিরুদ্ধেই দেশের মানুষ ও তরুণ সমাজ এক কাতারে দাঁড়িয়ে আছে। তার মতে, ঐক্যবদ্ধ এই শক্তির মাধ্যমেই আগামী বাংলাদেশের বিজয় নিশ্চিত হবে।

মতামত দিন