রাজনীতি
ছবি: সংগৃহীত

হাদির চিকিৎসার সব পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন,আজ পাওয়া যাবে হাদির রিপোর্ট।

নিজেস্ব প্রতিবেদক:

সিঙ্গাপুরে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে আলোচিত শরিফ ওসমান হাদিকে ঘিরে চিকিৎসকদের প্রাথমিক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন হয়েছে। হাসপাতাল সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষ হলেও কয়েকটি গুরুত্বপূর্ণ রিপোর্ট আজ মঙ্গলবার সকালে হাতে পাওয়া যাবে।

সূত্র জানায়, এসব রিপোর্ট পর্যালোচনার পর চিকিৎসক দল হাদির শারীরিক অবস্থার সর্বশেষ চিত্র তুলে ধরে পরিবারের সঙ্গে আলোচনা করবেন। সেই আলোচনার ভিত্তিতেই নির্ধারিত হবে পরবর্তী চিকিৎসা পদ্ধতি ও সময়সূচি।

এর আগে সোমবার বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেলেতার বিমানবন্দরে পৌঁছানোর পর অপেক্ষা না করেই তাকে সরাসরি হাসপাতালে স্থানান্তর করা হয়। পূর্বনির্ধারিত ব্যবস্থার কারণে ভর্তি প্রক্রিয়া শেষ হতেই চিকিৎসা পরীক্ষা শুরু হয়।

হাসপাতালে হাদির পাশে রয়েছেন তার পরিবারের সদস্যরা। বড় ভাই ওমর ফারুক ও আবু বকর সিদ্দিক শুরু থেকেই চিকিৎসা কার্যক্রম তদারকি করছেন।

উল্লেখ্য, গত শুক্রবার রাজধানীর বিজয়নগর এলাকায় গুলিবিদ্ধ হওয়ার পর হাদিকে প্রথমে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারের পর উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়। কয়েকদিন চিকিৎসাধীন থাকার পর অবস্থার উন্নতি না হওয়ায় বিদেশে নেওয়ার সিদ্ধান্ত হয়।

জানা গেছে, হাদির বিদেশে চিকিৎসা সংক্রান্ত সম্পূর্ণ ব্যয় অন্তর্বর্তী সরকার বহন করছে।

মতামত দিন