রাজনীতি
ছবি: সংগৃহীত

সন্ধ্যায় সিঙ্গাপুরে পৌঁছেছে ওসমান হাদিকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে বহনকারী মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স সিঙ্গাপুরে পৌঁছেছে। সোমবার (১৫ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সিঙ্গাপুরের বিমানবন্দরে অবতরণ করে বিমানটি।

এর আগে একই দিন দুপুরের দিকে ঢাকা থেকে যাত্রা শুরু করে এয়ার অ্যাম্বুলেন্সটি। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুপুর ১টা ৫৫ মিনিটে উড্ডয়নের মাধ্যমে হাদিকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হয়। এর আগে সকালে সিঙ্গাপুর থেকে আসা এয়ার অ্যাম্বুলেন্সটি ঢাকায় পৌঁছানোর পরপরই প্রয়োজনীয় চিকিৎসা ও ভ্রমণ প্রস্তুতি নেওয়া হয়।

রোববার রাতে হাদিকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, গত দুই দিন ধরে সিঙ্গাপুরসহ থাইল্যান্ড ও মালয়েশিয়ার একাধিক হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়। এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক দলের মতামত এবং পরিবারের সম্মতির ভিত্তিতে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানানো হয়।

প্রধান উপদেষ্টার স্বাস্থ্য মন্ত্রণালয়বিষয়ক বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান জানান, যাত্রার আগ পর্যন্ত ওসমান হাদির শারীরিক অবস্থার কোনো বড় পরিবর্তন হয়নি। সব দিক বিবেচনায় নিয়ে তাকে সিঙ্গাপুরে নেওয়ার সিদ্ধান্ত হয়।

প্রেস উইং আরও জানায়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের অ্যাক্সিডেন্ট ও ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার জন্য আগাম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসক দল, মেডিকেল সরঞ্জাম ও এয়ার অ্যাম্বুলেন্স–সংক্রান্ত সব আয়োজন সরকারিভাবেই করা হয়।

হাদির চিকিৎসার সম্পূর্ণ ব্যয় রাষ্ট্র বহন করবে বলে জানিয়ে প্রধান উপদেষ্টার প্রেস উইং বলেছে, চিকিৎসা প্রক্রিয়া নিয়মিতভাবে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে তার দ্রুত আরোগ্য কামনায় দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

মতামত দিন