রাজনীতি
ছবি: সংগৃহীত

স্বরাষ্ট্র উপদেষ্টা ও সিইসি দায়িত্বে থাকতে পারেন না : নাহিদ ইসলাম।

নিজেস্ব প্রতিবেদক:

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে বিচ্ছিন্ন বলে দেখানোর চেষ্টা প্রত্যাখ্যান করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, এমন বক্তব্য দেওয়া নির্বাচন কমিশনের চরম অযোগ্যতার প্রমাণ। এই কমিশন দায়িত্বে থাকার নৈতিকতা হারিয়েছে এবং তাদের প্রত্যাহার করতে হবে।

সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, বর্তমান নির্বাচন কমিশনের অধীনে গ্রহণযোগ্য ও সুষ্ঠু নির্বাচন কখনোই সম্ভব নয়। একটি ‘অথর্ব কমিশন’ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে না।

নাহিদ ইসলাম আরও বলেন, স্বরাষ্ট্র উপদেষ্টাও নৈতিকভাবে এই দায়িত্বে থাকার অধিকার হারিয়েছেন। ৫ আগস্টের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হয়নি, বরং মামলা বাণিজ্য বেড়েছে। হাদির ওপর হামলা কোনো ব্যক্তির ওপর আঘাত নয়, এটি গোটা বাংলাদেশের ওপর আঘাত। সেই বাস্তবতা সামনে আনতেই আজকের এই সমাবেশ।

বিজয় দিবসের কর্মসূচি প্রসঙ্গে এনসিপি আহ্বায়ক বলেন, অতীতে গোয়েন্দা সংস্থাগুলোকে বিরোধী রাজনৈতিক শক্তি দমনে ব্যবহার করা হয়েছে। তারা গুম-খুনে দক্ষতার পরিচয় দিয়েছে, অথচ আজ প্রকাশ্য হামলার ঘটনার পরও হামলাকারীদের ধরতে পারছে না। ডিপস্টেটের ভূমিকা নিয়ে খোলাখুলি আলোচনা দরকার বলেও মন্তব্য করেন তিনি।

ভারত প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, ভারত যদি মনে করে আগের মতো হস্তক্ষেপ করে নির্বাচনের ফল প্রভাবিত করবে, তবে সেটি বড় ভুল হবে। বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হবে না। একই সঙ্গে ভারতের অখণ্ডতা ও নিরাপত্তাও বাংলাদেশের সঙ্গে সম্মানজনক সম্পর্কের ওপর নির্ভরশীল—এই বাস্তবতা মনে রাখার আহ্বান জানান তিনি।

হাদির ওপর হামলার প্রতিবাদে আয়োজিত এই সমাবেশে বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এবি পার্টি ও ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। আয়োজকদের ভাষ্য, সহিংস রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান জানাতেই এই কর্মসূচি।

উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর একজন গুলি চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর পাঠানো হয়েছে।

মতামত দিন