শকুনেরা আবারও স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে:সারজিস আলম।
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলির ঘটনাকে কেন্দ্র করে স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে—এমন অভিযোগ তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, দীর্ঘ ৫৪ বছর পেরিয়ে গেলেও একটি মহল দেশের স্বাধীনতাকে মেনে নিতে চায় না।
সারজিস আলমের ভাষ্য, অতীতে আবু সাইদের বুকে গুলি চালিয়ে ভয় দেখানোর চেষ্টা হয়েছিল, কিন্তু আন্দোলনের শক্তিকে থামানো যায়নি। একই কৌশলে এবার হাদির ওপর হামলা চালিয়ে প্রতিরোধের মনোবল ভাঙতে চাওয়া হচ্ছে। তবে দেশের মানুষ বেঁচে থাকতে সে প্রচেষ্টা সফল হবে না বলেও তিনি মন্তব্য করেন।
হাদির ওপর হামলার প্রতিবাদ ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আয়োজিত এই সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। সমাবেশ থেকে দ্রুত বিচার ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানানো হয়।
এদিকে, এই হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় মামলা দায়ের করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, তদন্তের অংশ হিসেবে ইতোমধ্যে একাধিক সন্দেহভাজনকে আটক করা হয়েছে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্তপথে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত দুই ব্যক্তি এবং মূল অভিযুক্ত ফয়সালের স্ত্রী, শ্যালকসহ আরও কয়েকজন।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) পুরানা পল্টনের বক্স-কালভার্ট এলাকায় চলন্ত রিকশায় থাকা শরিফ ওসমান হাদিকে লক্ষ্য করে মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর একজন গুলি চালিয়ে পালিয়ে যায়। আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুর পাঠানো হয়।

মতামত দিন