ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক।
ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অবস্থা এখনও আশঙ্কাজনক। রোববার (১৪ ডিসেম্বর) সকালে তার পুনরায় করা সিটি স্ক্যানে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ড. মো. আব্দুল আহাদ ব্রিফিংয়ে জানান, অস্ত্রোপচারের মাধ্যমে গুলির অনেক অংশ সরিয়ে ফেলা হয়েছে। তবে মস্তিষ্কে কিছু স্প্লিন্টার ও রক্ত জমাট থেকে গেছে। হাদির মস্তিষ্কের টেম্পোরাল ব্যারিয়ার ভেদ হয়েছে, অক্সিজেনের স্বল্পতা ছিল এবং রক্তনালিগুলোর পাশ দিয়ে গুলি ভেদ করেছে। এছাড়া মস্তিষ্কের পাশাপাশি কিডনির কার্যক্ষমতা ক্ষতিগ্রস্ত হয়েছিল, যা পরে ফিরে এসেছে।
ড. আহাদ বলেন, “গুরুত্বপূর্ণ যে রক্তনালিগুলো রয়েছে, সেগুলোর পাশ দিয়ে গুলি ঢুকেছে। গুলির অনেক অংশ অপসারণ করা হয়েছে, কিন্তু কিছু স্প্লিন্টার এখনও আছে। লাইফ সাপোর্টে ফুসফুস অপরিবর্তিত অবস্থায় রয়েছে। বর্তমানে তিনি নিবিড় পর্যবেক্ষণে আছেন।”
তদন্ত ও চিকিৎসা বোর্ডের পরামর্শে পরিবার বিদেশে নেওয়ার বিষয়টি বিবেচনা করছে। ইতোমধ্যে বিদেশে তার চিকিৎসার জন্য প্রয়োজনীয় কেস সামারি পাঠানো হয়েছে।
এদিকে, ইনকিলাব মঞ্চের কিছু সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিরাপত্তা নিয়ে শঙ্কা প্রকাশ করছেন। তাদের ফোন নম্বর ও ঠিকানা বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়ার কারণে অনিরাপত্তা পরিস্থিতি তৈরি হয়েছে।
শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে হাদিকে মোটরসাইকেল থেকে গুলি করা হয়। পরে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়, রাতের মধ্যে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। মেডিকেল বোর্ড তাকে কনজারভেটিভ ম্যানেজমেন্টে রাখছে।

মতামত দিন