রাজনীতি
ছবি: সংগৃহীত

আগামী ২৫ ডিসেম্বর দেশে আসছেন তারেক রহমান,বিএনপি প্রস্তুত বিশেষ সংবর্ধনার জন্য।

নিজেস্ব প্রতিবেদক:

লন্ডন থেকে দেশে ফেরার পর তারেক রহমানকে এমন সংবর্ধনা দেওয়া হবে, যা অতীতে কোনো নেতাকে কখনো দেওয়া হয়নি—এমন তথ্য জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই প্রস্তুতির কথা জানান।

বিজয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের উদ্যোগে আয়োজিত ‘জাতির ক্রান্তিলগ্নে গণতন্ত্র রক্ষায় জাতীয় সংসদ নির্বাচন অপরিহার্য’ শীর্ষক সভায় ফখরুল বলেন, “আল্লাহর কাছে অশেষ শুকরিয়া যে আমাদের নেতা ১৮ বছর নির্বাসনে থাকার পর আগামী ২৫ ডিসেম্বর আমাদের মাঝে আসছেন। এটি আমাদের জন্য অনুপ্রেরণার বিষয়।”

তিনি আরও বলেন, “২৫ তারিখে আসুন, আমরা তাকে এমন সংবর্ধনা দিই, যা অতীতে কোনো নেতা পাননি। আমরা সবাই প্রস্তুত আছি, ইনশাআল্লাহ।” দেশে ফেরার প্রসঙ্গে ফখরুল বলেন, “একদিকে আমাদের মাতা দেশনেত্রী অসুস্থ, অন্যদিকে সেই নেতা যিনি আমাদের পথ দেখাচ্ছেন, তিনি আমাদের মাঝে উপস্থিত হবেন।”

আলোচনা সভায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আবদুস সালাম, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত লে. কর্নেল জয়নুল আবেদিন, মুক্তিযোদ্ধা দলের অবসরপ্রাপ্ত নেতারা এবং জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ প্রজন্মের সদস্য সচিব কেএম কামরুজ্জামান নান্নু প্রমুখ বক্তব্য রাখেন।

মতামত দিন