রাজনীতি
ছবি: সংগৃহীত

হাদির ওপর হামলা দেশকে নেতৃত্বশূন্য করার ষড়যন্ত্রের ইঙ্গিত: আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

চব্বিশের গণঅভ্যুত্থানের পর দেশকে পরিকল্পিতভাবে নেতৃত্বহীন ও মেধাশূন্য করার একটি প্রক্রিয়া শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির ওপর সাম্প্রতিক হামলাকে তিনি সেই ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে দেখছেন।

শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে রোববার (১৪ ডিসেম্বর) শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, একাত্তরে পাকিস্তানি হানাদার বাহিনী পরিকল্পিতভাবে বুদ্ধিজীবী হত্যার মাধ্যমে সদ্য জন্ম নেওয়া দেশকে মেধাশূন্য করার চেষ্টা করেছিল। স্বাধীনতার পাঁচ দশকের বেশি সময় পার হলেও শহীদ বুদ্ধিজীবীদের স্বপ্ন এখনো পুরোপুরি বাস্তবায়িত হয়নি।

তিনি বলেন, “চব্বিশের গণঅভ্যুত্থানের পর একই ধরনের কৌশল আবার দেখা যাচ্ছে। নেতৃত্ব ও চিন্তাশীল মানুষদের টার্গেট করে দেশকে দুর্বল করার অপচেষ্টা চলছে। হাদির ওপর হামলা তারই একটি উদাহরণ।”

তার দাবি, জুলাইয়ের পরাজিত শক্তি হাদিকে হত্যার মাধ্যমে দেশকে আবারও মেধাহীন ও দিশাহীন করার বার্তা দিতে চেয়েছে। এ ধরনের ষড়যন্ত্রে আরও অনেক ব্যক্তি লক্ষ্যবস্তুতে রয়েছেন বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, “একাত্তরে যেভাবে দেশবিরোধী শক্তিকে পরাজিত করা হয়েছিল, এবারও ফ্যাসিবাদী ও দেশবিরোধী চক্র সফল হতে পারবে না।”

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণকে সঙ্গে নিয়ে এসব অপশক্তির বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে এবং তাদের শক্ত হাতে দমন করা হবে।

মতামত দিন