গুলিবিদ্ধ হাদি এখনও ডিপ কোমায়, বিদেশে নেওয়ার সিদ্ধান্ত নির্ভর করছে শারীরিক অবস্থার ওপর।
ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন গুলিবিদ্ধ শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থায় উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হয়নি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র হাদি এখনও আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন বলে জানিয়েছেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।
রোববার (১৪ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি বলেন, চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে থাকলেও হাদির শারীরিক অবস্থার তেমন উন্নতি হয়নি। পরিস্থিতি স্থিতিশীল হলে তাকে উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে নেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে।
ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে সকালে জানানো হয়, হাদি এখনো আশঙ্কামুক্ত নন। চিকিৎসকদের নির্ধারিত ৭২ ঘণ্টার পর্যবেক্ষণকাল চলছে, যা সোমবার রাতে শেষ হওয়ার কথা। এ সময় তার শারীরিক প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করা হচ্ছে।
আবদুল্লাহ আল জাবের জানান, হাদি বর্তমানে ডিপ কোমায় রয়েছেন। যদিও তার শরীরে কিছু ইন্টারনাল রেসপন্স লক্ষ্য করা গেছে, তবে সার্বিক অবস্থার উন্নতি হয়নি।
তিনি আরও বলেন, পরিবার ও ইনকিলাব মঞ্চ যৌথভাবে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার প্রস্তুতি নিচ্ছে। তবে সেটি পুরোপুরি নির্ভর করছে হাদির শারীরিক অবস্থার উন্নতির ওপর। চিকিৎসকরা অনুমতি দিলে তবেই বিদেশে নেওয়া হবে।
এর আগে, গত শুক্রবার রাজধানীর পল্টনের বক্স কালভার্ট রোডে রিকশায় যাওয়ার সময় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্ত হাদিকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। আলোচিত এই হামলার ঘটনায় এখনো সরাসরি হামলাকারী গ্রেপ্তার না হলেও গুলিতে ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত ও এর মালিককে আটক করাকে তদন্তে অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
মতামত দিন