রাজনীতি
ছবি: সংগৃহীত

লাইফ সাপোর্টে শরিফ ওসমান হাদী।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর বিজয়নগরে নির্বাচনী প্রচারণার সময় গুলিবিদ্ধ হওয়া ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী এখন লাইফ সাপোর্টে রয়েছেন। ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানান, হাদীর অবস্থা ক্রিটিক্যাল।

মাথার ভেতরে গুলি লেগে থাকায় চিকিৎসকরা তাকে লাইফ সাপোর্টে রাখছেন।

গুরুতর আহত হাদীকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে আনা হয়েছিল। পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক বলেন, “দুপুর আড়াইটার দিকে তাকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে আনা হয়। বাম কানের নিচে গুলি লেগেছে, অবস্থা আশঙ্কাজনক।”

এরপর দুপুরের পরে বিকেল ৪টার দিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস হাসপাতালে পৌঁছান হাদীর খবর নেওয়ার জন্য। হাসপাতালে উপস্থিত হলে হাদীর সমর্থকরা ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিয়ে তাকে ঘিরে ধরে। সেনাবাহিনীর সদস্যরা তৎক্ষণাৎ তাকে নিরাপত্তার সঙ্গে হাসপাতালের ভেতরে প্রবেশ করান। এসময় সমর্থকেরা বিভিন্ন স্লোগান দিতে থাকেন।

ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনার মোহাম্মদ হারুন অর রশিদ বলেন, “আমরা শুনেছি বিজয়নগরে গুলি চালানো হয়েছে। বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত নয়। আমাদের টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে; তাদের রিপোর্ট পেলে আমরা বিস্তারিত জানাতে পারব।”

এই ঘটনায় রাজধানীর রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে, এবং হাদীর অবস্থা হাসপাতাল ও সমর্থকদের নজরকাড়া বিষয় হয়ে দাঁড়িয়েছে।

মতামত দিন