বহুবার ভারতীয় নম্বর থেকে হাদিকে হুমকি দেওয়া হয়েছিল: ফারুকী।
রাজধানীর পল্টনে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদী শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রিকশায় যাচ্ছিলেন। পথিমধ্যেই একদল দুর্বৃত্ত রিকশাটি থামিয়ে কাছে গিয়ে গুলি ছোড়ে।
এই হামলার পরপরই ঘটনাটি নিয়ে প্রতিক্রিয়া জানান সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, গত কয়েকদিন ধরে ভারতে অবস্থানরত ‘গণহত্যার দায়ে সাজাপ্রাপ্ত’ হাসিনা একের পর এক হত্যার হুমকি ছড়াচ্ছিলেন—আর সেই প্রেক্ষাপটেই আজ গুলির শিকার হলেন ওসমান হাদী। তার দাবি, হাদীকে আগেও বহুবার ভারতীয় নম্বর থেকে হুমকি দেওয়া হয়েছিল। তবে তিনি এটিও বলেন যে, কে বা কারা হামলার পেছনে আছে—তা এখনো নিশ্চিত নয়। “যারাই করে থাকুক, এর দায় তারা এড়াতে পারবে না,” মন্তব্য করেন ফারুকী। পোস্টের শেষে তিনি হাদীর দ্রুত আরোগ্য কামনা করে লিখেন, “বিপ্লবীদের দমিয়ে রাখা যায় না।”
হামলার ঘটনায় সরকারও দ্রুত সাড়া দিয়েছে। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সংশ্লিষ্ট সংস্থাকে নির্দেশ দিয়েছেন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য। পাশাপাশি ওসমান হাদীর চিকিৎসার বিষয়টি সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হাসপাতাল কর্তৃপক্ষকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
মতামত দিন