রাজনীতি
ছবি: সংগৃহীত

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ভোটে লড়ার ঘোষণা দিয়েছেন আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শুক্রবার (১২ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া ভিডিও বার্তায় তিনি জানিয়ে দেন—রাজনৈতিক দলের ব্যানার বা সংগঠনের বড় মেশিনারি ছাড়া, শুধুই জনসমর্থনকে আত্মবিশ্বাস হিসেবে নিয়েই তিনি জাতীয় সংসদ নির্বাচনে মাঠে নামছেন।

ভিডিওতে আসিফ মাহমুদ বলেন, ধানমন্ডি, কলাবাগান, হাজারীবাগ, নিউমার্কেট ও কামরাঙ্গীরচরের একাংশ নিয়ে গঠিত ঢাকা-১০ আসনে তিনি স্বতন্ত্র প্রার্থী। তার ভাষায়, বড় দলের সহায়তা, বিপুল কর্মী বাহিনী কিংবা প্রচারণার প্রচলিত অর্থনৈতিক শক্তি—এসব কিছুই তার কাছে নেই। ভোটারদের আস্থা ও সহযোগনাই হবে তার মূল শক্তি, এবং দায়িত্বও থাকবে সেই ভোটারদের প্রতিই।

গণভোট নিয়েও বার্তায় কথা বলেন তিনি।জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সমর্থন চেয়ে তিনি বলেন—“আমি শুধু সংসদ সদস্য প্রার্থী নই, গণভোটেও আমার অবস্থান স্পষ্ট। দেশ পরিবর্তনের যে সুযোগ এসেছে, তা নিশ্চিত করতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন।”

এর ঠিক এক দিন আগেই, বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। ওইদিনই অন্তর্বর্তী সরকারের দুই ছাত্র উপদেষ্টা—আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও মাহফুজ আলম—দায়িত্ব থেকে সরে দাঁড়ান। পদত্যাগের পর তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তবে আজকের ভিডিও বার্তাই সেই জল্পনার ইতি টেনে জানিয়ে দিল—আসিফ মাহমুদ দলীয়ভাবে নয়, স্বাধীন প্রার্থী হিসেবেই ভোটের লড়াইয়ে নামছেন।

মতামত দিন