বেগম খালেদা জিয়ার আসনেই লড়বেন এনসিপির আ হ ম শামসুল মুকতাদির।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ১২৫টি আসনের প্রাথমিক মনোনয়ন তালিকা প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। এ তালিকায় দিনাজপুর–৩ আসনের জন্য দলীয় টিকিট পেয়েছেন জেলার আহ্বায়ক আ হ ম শামসুল মুকতাদির।
এই আসনটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম হয়েছে, কারণ বিএনপি ইতোমধ্যেই একই আসনে প্রার্থী হিসেবে ঘোষণা করেছে খালেদা জিয়ার নাম। জামায়াতে ইসলামীর পক্ষ থেকেও এখানে অ্যাডভোকেট মইনুল আলমকে প্রার্থী করা হয়েছে—ফলে তিন দলের প্রতিদ্বন্দ্বিতায় আসনটি বিশেষ গুরুত্ব পাচ্ছে।
বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে রাজধানীর বাংলামটরে দলটির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনে মনোনয়নের প্রথম তালিকা তুলে ধরেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।
এর আগে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছিলেন, খালেদা জিয়ার আসনে তারা প্রার্থী দেবে না। কিন্তু সর্বশেষ ঘোষণায় সেই অবস্থান থেকে সরে এসে দলটি দিনাজপুর–৩ আসনে নিজেদের প্রার্থী নিশ্চিত করেছে।

মতামত দিন