রাজনীতি
ছবি: সংগৃহীত

বিএনপি ক্ষমতায় গেলে প্রথম দিকে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেয়া হবে: তারেক রহমান।

নিজেস্ব প্রতিবেদক:

বিএনপির দেশ গড়ার পরিকল্পনা–কেন্দ্রিক কর্মসূচিতে যোগ দিয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেছেন যে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার পথে এখনো বিভিন্ন মহলের বাধা ও ষড়যন্ত্র সক্রিয় রয়েছে। সোমবার (৮ ডিসেম্বর) বিকেলে লন্ডন থেকে ভার্চুয়াল সংযোগে তিনি এসব কথা বলেন।

তারেক রহমান দাবি করেন, দেশের রাজনৈতিক স্বাভাবিকতা ফিরিয়ে আনতে জনগণের ভোটে নির্বাচন করা একটি গণতান্ত্রিক সরকার ছাড়া আর কোনো বিকল্প নেই। তাঁর মতে, উন্নয়ন ও রাষ্ট্রগঠনের যে বিস্তৃত রূপরেখা বিএনপি দিয়েছে, অন্য কোনো রাজনৈতিক দল সে ধরনের দীর্ঘমেয়াদি পরিকল্পনা উপস্থাপন করতে পারেনি।

আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দল যাকেই প্রার্থী হিসেবে মনোনয়ন দিক, ব্যক্তিগত মতপার্থক্য পাশে রেখে সেই প্রার্থীকে বিজয়ী করতে সবাইকে মাঠে থাকতে হবে। ধানের শীষের জয় নিশ্চিত করাই হবে দলের প্রধান লক্ষ্য।

তিনি আরও জানান, সরকার গঠনের সুযোগ পেলে বিএনপি প্রথম ধাপে ৫০ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান এবং ১ কোটি মানুষের কর্মসংস্থান তৈরি করার কর্মপরিকল্পনা হাতে রেখেছে। পাশাপাশি দেশজুড়ে খাল পুনঃখনন কর্মসূচি আবারও শুরু করারও ঘোষণা দেন তিনি।

আগামী নির্বাচনকে ঘিরে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ কর্মসূচি ৭ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এর দ্বিতীয় দিনে, সোমবার সকালে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে ছাত্রদলের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়, যার উদ্বোধন করেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। বিকেলে সমাপনী অধিবেশনে যুক্ত হয়ে বিস্তৃত রাষ্ট্রপরিকল্পনার রূপরেখা তুলে ধরেন তারেক রহমান।

মতামত দিন