কিছু দল ভোটের প্রলোভনে জনগণকে ধর্মের আড়ালে বিভ্রান্ত করছে: সালাহউদ্দিন আহমদ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেছেন, কিছু দল ভোটের প্রলোভনে জনগণকে ধর্মের আড়ালে বিভ্রান্ত করছে। তিনি বলেন, তারা ইহকাল বা বাস্তব জীবনের জন্য কোনো নীতি বা পরিকল্পনা দেখাতে পারেনা।
সোমবার (৮ ডিসেম্বর) রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক অনুষ্ঠানে সালাহউদ্দিন আরও জানান, বিএনপি ধর্মকে কোনো রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চায় না। দল চায়, জনগণের কাছে পরিষ্কার ও বাস্তবসম্মত পরিকল্পনা পৌঁছানো হোক।
তিনি বলেন, যারা সহজে জান্নাতে যাওয়ার স্বপ্ন দেখছে, তাদেরও জানতে হবে সেই পথ কোথা দিয়ে যায়। রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যদি আগে থেকে সুনির্দিষ্ট পরিকল্পনা তৈরি না করা হয়, আমরা নিজেরাই ব্যর্থ হওয়ার দিকে যাচ্ছি।
অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী মন্তব্য করেন, জামায়াত ধর্মের নামে ব্যবসা করে মানুষকে বিভ্রান্ত করছে।
এটি সাত দিনব্যাপী কর্মসূচির দ্বিতীয় দিন। এই কর্মসূচির মাধ্যমে বিএনপি জনগণের মতামত সংগ্রহ করবে, যা দলটির নির্বাচনী ইশতেহার তৈরিতে ব্যবহার হবে। দ্বিতীয় সেশনের সমাপনী অনুষ্ঠানে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত থাকবেন। কর্মসূচি শুরু হয়েছে গতকাল এবং চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।

মতামত দিন