বেগম খালেদা জিয়ার এয়ার অ্যাম্বুলেন্স ঢাকা-লন্ডন ফ্লাইট বাতিল।
চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নিতে নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকা অবতরণ শেষ মুহূর্তে বাতিল করেছে অপারেটর প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, এয়ার অ্যাম্বুলেন্স অপারেটর নিজেই স্লট বাতিলের আবেদন জানিয়েছে।
প্রাথমিকভাবে মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৮টায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি দেওয়া হয়েছিল। এরপর রাত ৯টায় খালেদা জিয়াকে নিয়ে লন্ডনের উদ্দেশে বিমানটি উড্ডয়ন করবে বলে অনুমোদন ছিল। তবে অপারেটরের পক্ষ থেকে স্থানীয় সমন্বয়কারীর মাধ্যমে স্লট বাতিলের অনুরোধ করা হয়।
এয়ার অ্যাম্বুলেন্সটি জার্মানির এফএআই এভিয়েশন গ্রুপের মাধ্যমে ভাড়া নেওয়া হয়েছিল কাতার সরকারের সহযোগিতায়। ব্যবহারকৃত বিমানটি বোমবার্ডিয়ার চ্যালেঞ্জার ৬০৪ মডেল, যা দীর্ঘ দূরত্বে মেডিকেল ট্রান্সফার করতে সক্ষম। ঢাকা-লন্ডন মেডিকেল ইভাকুয়েশনের জন্য এই মডেলকে বিশেষভাবে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়।
এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন