রাজনীতি
ছবি: সংগৃহীত

মনোনয়ন পেলে প্রচারণা পরিচালনায় এক ব্যতিক্রমী পদ্ধতি গ্রহণের কথা জানিয়েছেন ডা. তাসনিম জারা।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা-৯ আসনে মনোনয়ন পেলেই প্রচারণা শুরু করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম সদস্য-সচিব ডা. তাসনিম জারা। তবে তার প্রচারণা হবে প্রচলিত অর্থনির্ভর রাজনীতির বাইরে—স্বচ্ছভাবে এবং স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে।

স্বচ্ছতা ও সীমাবদ্ধ বাজেটের প্রতিশ্রুতি
ডা. তাসনিম জারা নিজের ফেসবুক পেজে জানিয়েছেন, দেশের নির্বাচনী প্রথা প্রায়ই আইনের সর্বোচ্চ ব্যয় সীমা উপেক্ষা করে চলে। “অনেক প্রার্থী কোটি কোটি টাকা খরচ করেন, অথচ কমিশনের কাছে দাবি করেন ২৫ লাখ টাকা। আমি এই মিথ্যা প্রথা অনুসরণ করব না,” তিনি বলেন। তিনি স্পষ্ট করেছেন, আইনে অনুমোদিত সীমার বাইরে এক টাকাও খরচ করবেন না।

স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে প্রচারণা
প্রচারণা পরিচালনায় তাসনিম জারা বলছেন, “যেসব কাজ অন্য প্রার্থীরা টাকা দিয়ে করান, আমাদের তা করতে হবে আপনাদের সময়, শ্রম এবং অংশগ্রহণ দিয়ে। গ্রাফিক ডিজাইন, ভিডিও তৈরি, উঠান বৈঠক আয়োজন বা বাসায় বাসায় মানুষের কাছে বার্তা পৌঁছে দেওয়া—সবকিছু স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে করা হবে।”

তিনি একটি ফরমের মাধ্যমে মানুষের সহযোগিতার আহ্বান জানিয়েছেন। ফরম পূরণ করতে সময় লাগবে মাত্র দুই মিনিট। এতে সবাই জানাতে পারবে কিভাবে এবং কোন কাজে সাহায্য করতে চান।

সততার রাজনীতির উদাহরণ
ডা. তাসনিম জারা বলেন, “আমরা প্রমাণ করব, অল্প বাজেটে এবং স্বচ্ছভাবে নির্বাচনী প্রচারণা করা সম্ভব। এবারের নির্বাচন হোক জনগণের নিজেদের নির্বাচন। সততা দিয়ে রাজনীতি করা সম্ভব, আর এ পথে আপনাদের সহযোগিতা অপরিহার্য।”

তিনি আশা প্রকাশ করেন, যদি রাজনীতি দুর্নীতি, পেশিশক্তি ও মিথ্যার বৃত্ত থেকে বের হয়ে জনগণের হাতে ফিরে আসে, তাহলে দেশের রাজনীতির সম্ভাবনা সীমাহীন হবে।

1

মতামত দিন