সবুজ সংকেত পেলেই ঢাকায় আসবে কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স: বিএনপি উপদেষ্টা।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তুতি প্রায় চূড়ান্ত—এমন তথ্য জানালেন দলের চেয়ারপারসনের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী। তিনি বলছেন, মেডিকেল বোর্ড অনুমতি দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স যেকোনো সময়ে ঢাকায় পৌঁছবে।
শনিবার (৬ ডিসেম্বর) গণমাধ্যমকে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি জানান, খালেদা জিয়ার লন্ডনে নেওয়ার পুরো ব্যবস্থাপনাটি কাতার কর্তৃপক্ষ নিজ দায়িত্বে করছে এবং সে জন্য তারা বাংলাদেশের সঙ্গে নিয়মিত যোগাযোগও বজায় রাখছে।
ড. এনামুল বলেন, “চেয়ারপারসনের মেডিকেল বোর্ড থেকে আনুষ্ঠানিক সম্মতি পাওয়ার অপেক্ষায় আছি। বোর্ড সম্মতি দিলেই কাতারের রয়েল এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় আসবে এবং সেখান থেকে সরাসরি ম্যাডামকে লন্ডনে নিয়ে যাওয়া হবে। সব ধরনের প্রস্তুতি কাতারের পক্ষ থেকেই রাখা হয়েছে।”
জার্মানি থেকে অ্যাম্বুলেন্স আসার বিষয়ে তিনি আরও জানান, আধুনিক সুবিধাসম্পন্ন যে এয়ার অ্যাম্বুলেন্সটির কথা প্রচারমাধ্যমে আলোচনা হচ্ছে, সেটি বিএনপির নয়; বরং কাতারি কর্তৃপক্ষই জার্মানি থেকে তা সংগ্রহ করেছে। তার ভাষায়, “এটি পুরোপুরি তাদের উদ্যোগ। আমরা কেবল চিকিৎসা বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী সমন্বয়ের কাজ করছি।”
এদিকে এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার অবস্থা এখনো সংকটমুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকরা। তারা বলছেন, রোগীর বর্তমান শারীরিক সক্ষমতা বিদেশযাত্রার জন্য যথেষ্ট না হওয়ায় লন্ডন নেওয়ার পরিকল্পনা কিছুটা স্থগিত রয়েছে। গত দুই দিনে বেশ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে, যার প্রতিবেদন বোর্ড পর্যালোচনা করছে। প্রতিদিনই বোর্ডের বৈঠকে তার শারীরিক অবস্থার হালনাগাদ মূল্যায়ন করা হচ্ছে।
গত ২৩ নভেম্বর থেকে তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি আছেন। অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে গঠিত বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি টিম তার চিকিৎসা পরিচালনা করছে। এ বোর্ডে আছেন তারেক রহমানের স্ত্রী ও চিকিৎসক ডা. জুবাইদা রহমানও। তিনি শুক্রবার লন্ডন থেকে ঢাকায় এসে সরাসরি চিকিৎসা প্রক্রিয়ায় যুক্ত হয়েছেন, পাশাপাশি খালেদা জিয়ার বিদেশযাত্রার প্রস্তুতিতেও সহযোগিতা করছেন।
মতামত দিন