১০ লাখ টাকার ঘুষ কেলেঙ্কারির প্রধান আসামি সেই নাহিদকে পদ দিল এনসিপি।
ফেনীর সিভিল সার্জন অফিসে সরকারি চাকরিতে ১০ লাখ টাকা ঘুষ কেলেঙ্কারির ঘটনায় অভিযুক্ত নাহিদ রাব্বিকে ফেনী জেলা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক পদে অন্তর্ভুক্ত করা হয়েছে। এ সিদ্ধান্তে নানা মহলে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৬৭ সদস্য বিশিষ্ট জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। নতুন কমিটিতে আহ্বায়ক হিসেবে থাকছেন জাহিদুল ইসলাম সৈকত, আর সদস্য সচিব শাহ ওয়ালী উল্লাহ।
ঘটনার পটভূমি: চলতি বছরের জুনে ফেনী সিভিল সার্জন অফিসে সরকারি চাকরির জন্য ১০ লাখ টাকা ঘুষ দাবির একটি অডিও ফাঁস হয়। এতে নাহিদ রাব্বি ও চাকরিপ্রার্থী আব্দুল কাদেরকে অভিযুক্ত করা হয়। অডিওতে নাহিদ রাব্বি দাবি করেছেন, নিয়োগ পেতে লিখিত পরীক্ষার আগে ৪ লাখ টাকা অগ্রিম দিতে হবে এবং বাকি টাকা পরীক্ষার পর পরিশোধ করতে হবে।
মামলার প্রধান আসামি নাহিদ রাব্বি পরশুরাম উপজেলার সাবেক সমন্বয়ক ও স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক। হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পরও তিনি বিভিন্ন সরকারি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং সরকারি গাড়িতে বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন।
ফেনী স্বাস্থ্য বিভাগের এজাহার অনুযায়ী, ওই বছরের ২০ জুন ১১৫টি পদের জন্য ১২ হাজার আবেদন জমা পড়েছিল। প্রতিটি পদের জন্য ১০৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।
এ বিষয়ে নতুন আহ্বায়ক জাহিদুল ইসলাম সৈকত বলেন, “নাহিদ রাব্বি ও ওমর ফারুক শুভর বিরুদ্ধে অভিযোগগুলো কেন্দ্রীয় কমিটির পর্যালোচনা কমিটিতে পাঠানো হয়েছে। শিগগিরই তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
পরশুরাম থানার ওসি নুরুল হাকিম জানান, স্বাস্থ্য বিভাগের মামলা বর্তমানে আদালতে বিচারাধীন এবং অভিযুক্তরা জামিনে রয়েছেন।


মতামত দিন