রাজনীতি
ছবি: সংগৃহীত

জানা গেল বেগম খালেদা জিয়াকে কখন নেওয়া হবে লন্ডন।

নিজেস্ব প্রতিবেদক:

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শিগগিরই লন্ডন নেওয়া হবে। তার সঙ্গে যাত্রাপথে চিকিৎসা নিশ্চিত করতে ডাক্তারসহ মোট ১৪ জন সফরসঙ্গী থাকবেন।

এই তথ্য জানিয়েছেন তার উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী।

ড. এনামুল হক বলেন, সবকিছু স্বাভাবিক থাকলে আগামীকাল শুক্রবার খালেদা জিয়া কাতারের এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকা থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দেবেন। কোনো কারণে যাত্রা এদিন সম্ভব না হলে শনিবারের মধ্যে তিনি লন্ডনে পৌঁছবেন।

এভারকেয়ার হাসপাতালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, শারীরিক অবস্থার অনুমতি থাকলে মধ্যরাতে বা ভোরে তিনি যাত্রা করবেন। লন্ডনের হাসপাতালে নির্ধারিত চিকিৎসা চলবে এবং যাত্রাপথে চিকিৎসকদের তত্ত্বাবধানে থাকবেন।

খালেদা জিয়ার সফরসঙ্গী হিসেবে থাকবেন তার ছোট ছেলে কোকোর স্ত্রী সায়েদা শামীলা রহমান, ডা. জাহিদ হোসেন, ডা. এনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মো. আল মামুন এবং আরও ছয়জন সহযাত্রী।

দীর্ঘদিন ধরে খালেদা জিয়া বিভিন্ন জটিল রোগে ভুগছেন, যার মধ্যে রয়েছে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের সমস্যা। চলতি বছরের ২৩ নভেম্বর সন্ধ্যায় এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় তাকে। বিএনপির শীর্ষ নেতারা জানিয়েছেন, ভর্তি হওয়ার পর থেকে তার অবস্থা সংকটাপন্ন।

এর আগে, চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডন গিয়েছিলেন খালেদা জিয়া। সেখানে ১১৭ দিন অবস্থানের পর গত মে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে আনা হয়।

মতামত দিন