বহিষ্কৃত ২৪ নেতাকে আবার দলে নিল বিএনপি।
দীর্ঘদিন সংগঠনবিরোধী অভিযোগে শাস্তির মুখে থাকা বিএনপির ২৪ নেতাকে শেষ পর্যন্ত দলে ফিরিয়ে নেওয়া হয়েছে। তাদের আবেদন পর্যালোচনা করে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত জানায় দল।
বুধবার (৩ ডিসেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
দলের পক্ষ থেকে জানানো হয়, বিভিন্ন সময় নানা অভিযোগে যেসব নেতাকে পদসহ দল থেকে বাদ দেওয়া হয়েছিল, তাদের লিখিত আবেদন ও সংগठनগত তথ্য যাচাই-বাছাইয়ের পর সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা হয়। এরপরই তাদের বিরুদ্ধে দেওয়া বহিষ্কারাদেশ উঠিয়ে নেওয়ার ঘোষণা আসে।
ফিরে আসা নেতাদের মধ্যে আছেন—সাতক্ষীরার ইশ্বরদীপুর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক বেলাল-ই-মোস্তফা টুটুল, ব্রাহ্মণবাড়িয়ার অরুয়াইল ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি বাদল আহমেদ, পাবনার মাঝপাড়া ইউনিয়নের সাবেক যুগ্ম সম্পাদক ইউসুফ আলী প্রামানিকসহ বিভিন্ন জেলার আরও অনেকে।
জামালপুর, নাটোর, পিরোজপুর, বান্দরবান, কুড়িগ্রাম, চট্টগ্রাম, সিরাজগঞ্জ ও খুলনাসহ দেশের বিভিন্ন অঞ্চলের বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের সাবেক নেতারা এই তালিকায় রয়েছেন।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, যারা দলে ফিরে এসেছেন, তারা যেন ভবিষ্যতে সংগঠনের নীতি-শৃঙ্খলা মেনে চলেন এবং দলীয় আদর্শ ধরে রেখে সক্রিয়ভাবে কাজ করেন—বিএনপি এমন প্রত্যাশা করছে।
মতামত দিন