নেদারল্যান্ডস দূতাবাসের প্রতিনিধিদলের সঙ্গে নাহিদ ইসলামের আলোচনা।
বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত ইউরিস ভান বোমেল মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুরে জাতীয় নাগরিক পার্টি–এনসিপির কেন্দ্রীয় দপ্তরে সৌজন্য সফরে যান। তার সঙ্গে ছিলেন দূতাবাসের রাজনৈতিক ও কূটনৈতিক বিষয়ক উপদেষ্টা লুবাইন চৌধুরী মাসুম।
দলের আহ্বায়ক নাহিদ ইসলাম রাষ্ট্রদূতকে স্বাগত জানানোর পর দুই পক্ষের মধ্যে প্রায় এক ঘণ্টা বৈঠক অনুষ্ঠিত হয়। শুরুতেই এনসিপির যুগ্ম আহ্বায়ক এবং আন্তর্জাতিক সম্পর্ক সেলের প্রধান সুলতান মুহাম্মদ জাকারিয়া অতিথিদের অভ্যর্থনা জানান।
আলোচনায় রাষ্ট্রদূত নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে এনসিপির আন্তর্জাতিক, অর্থনৈতিক ও নীতি–সংক্রান্ত উদ্যোগগুলি সম্পর্কে জানতে আগ্রহ প্রকাশ করেন। পাশাপাশি সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে ঘিরে সম্ভাব্য দৃশ্যপট এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলটির অবস্থান নিয়ে মতবিনিময় হয়।
দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিকগুলোও আলোচনায় আসে। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত বলেন, পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রগতিতে এনসিপি যেভাবে সক্রিয় ভূমিকা রাখছে তা ইতিবাচক।
বৈঠকে এনসিপির পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা এবং যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ।

মতামত দিন