রাজনীতি
ছবি: সংগৃহীত

ভিভিআইপি মর্যাদায় যেসব সুবিধা পাবেন বেগম খালেদা জিয়া।

নিজেস্ব প্রতিবেদক:

এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করেছে সরকার। সোমবার (১ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।
একইসঙ্গে তার নিরাপত্তার দায়িত্ব পালন করতে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ) নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ভিভিআইপি মর্যাদায় থাকা ব্যক্তিদের জন্য এসএসএফ আইনসিদ্ধভাবে সর্বাত্মক নিরাপত্তা নিশ্চিত করে থাকে। বেগম জিয়ার চলাচল বা অবস্থানে যেকোনো ধরনের ঝুঁকি এড়াতে সংস্থাটি প্রয়োজনীয় ব্যবস্থা নেবে এবং তাকে দৈহিক নিরাপত্তা প্রদান করবে।

‘বিশেষ নিরাপত্তা বাহিনী আইন, ২০২১’-এর আওতায় রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার পাশাপাশি সরকার কর্তৃক ঘোষিত যেকোনো অতি গুরুত্বপূর্ণ ব্যক্তিকে নিরাপত্তা দিতে এসএসএফ বাধ্যতামূলকভাবে দায়িত্বপ্রাপ্ত। নিরাপত্তা ঝুঁকি চিহ্নিত করা, তথ্য সংগ্রহ, সমন্বয় এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতাও তাদের আছে।

আইনে উল্লেখ আছে—ভিভিআইপির নিরাপত্তা বিঘ্নিত করতে পারে এমন কাউকে ঝুঁকিপূর্ণ মনে হলে এসএসএফ প্রয়োজন হলে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করতে পারে। পরিস্থিতি গুরুতর হলে প্রাণঘাতী ব্যবস্থা নেওয়ার ক্ষমতাও বাহিনীটির রয়েছে বলে আইন স্পষ্টভাবে নির্দেশ করে।

মতামত দিন