খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে: মাহমুদুর রহমান মান্না।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সিঙ্গাপুর বা ইউরোপে নেওয়ার প্রস্তুতি নেওয়া হচ্ছে। তবে তিনি বলেন, এখনও তার শরীর এমন কোনো অবস্থায় নেই যা ফ্লাইটে যাত্রা করতে সক্ষম।
শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার খোঁজ খবর নিতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মান্না বলেন, চিকিৎসকরা তেমন আশাবাদের খবর দেননি এবং দেশবাসীর কাছে দোয়া কামনা করেছেন। গতকালের তুলনায় তার শারীরিক অবস্থায় কোনো উন্নতি বা অবনতি ঘটেনি।
প্রায় ৮০ বছর বয়সী খালেদা জিয়া নানা রোগে আক্রান্ত। ২৩ নভেম্বর ফুসফুসে সংক্রমণ এবং হৃদযন্ত্রের জটিলতায় তাকে আবারও হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সিসিইউতে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে মেডিকেল বোর্ডের নিয়ন্ত্রণে তার চিকিৎসা চলছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জানান, দেশি-বিদেশের চিকিৎসকরা সর্বোচ্চ পেশাদারিত্ব ও আন্তরিকতার সঙ্গে তার চিকিৎসা করছেন। এছাড়া বন্ধুপ্রতীম রাষ্ট্রগুলোর পক্ষ থেকেও উন্নত চিকিৎসা ও সম্ভাব্য সব ধরনের সহযোগিতা প্রদানের ইচ্ছা ব্যক্ত করা হয়েছে।

মতামত দিন