বেগম খালেদা জিয়া চিকিৎসাধীন, দেশবাসীর কাছে সুস্থতার দোয়া চেয়েছেন।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া হার্ট ও ফুসফুসের সমস্যার কারণে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন সময় সংবাদকে বিষয়টি নিশ্চিত করেন।
চেয়ারপারসন দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যেন মহান আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে তোলেন, জানান ডা. জাহিদ হোসেন।
এর আগে রোববার (২৩ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজা থেকে এভারকেয়ার হাসপাতালে রওনা হন। রাতেই তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য দেন গঠিত মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী। তিনি জানান, খালেদা জিয়ার চেস্টে ইনফেকশন রয়েছে এবং হার্ট ও ফুসফুস আক্রান্ত। আগামী ১২ ঘণ্টা তার চিকিৎসা মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে রাখা হবে।
চেয়ারপারসনের কতদিন হাসপাতালে অবস্থান করবেন তা নির্ভর করছে তার শারীরিক অবস্থার ওপর। খালেদা জিয়া দীর্ঘদিন ধরেই আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চোখের বিভিন্ন জটিলতায় ভুগছেন। ৭ জানুয়ারি তিনি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান এবং ১১৭ দিন চিকিৎসা শেষে ৬ মে দেশে ফিরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়।
মতামত দিন