ইমাম–মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা পরিকল্পনা নিয়ে তারেক রহমানের ঘোষণা।
ইমাম, খতিব ও মুয়াজ্জিনদের আর্থিক নিরাপত্তাকে রাষ্ট্রের দায়িত্ব হিসেবে উল্লেখ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার ভাষায়, সমাজের নৈতিক দিকনির্দেশনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও এদের একটি বড় অংশ অর্থকষ্টে থাকেন—এ অবস্থায় রাষ্ট্রীয় তহবিল থেকে মাসিক সম্মানী দেওয়ার পরিকল্পনা বিএনপি হাতে নিয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত জাতীয় ইমাম–খতিব সম্মেলনে এ বক্তব্য দেন তিনি। তারেক রহমান জানান, আগামী জাতীয় নির্বাচনে দলটি ক্ষমতায় এলে পর্যায়ক্রমে এই সম্মানী চালু করা হবে এবং ইমাম–মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্টকে বড় পরিসরে চালিয়ে বহুমুখী কর্মসূচি নেওয়া হবে, যাতে ধর্মীয় নেতাদের আর্থিক স্থিতি আরও শক্তিশালী হয়।
তার মতে, লাখো ইমাম–মুয়াজ্জিন দেশের সামাজিক ও নৈতিক কাঠামো রক্ষায় প্রতিনিয়ত ভূমিকা রাখেন; তাদের বাইরে রেখে কল্যাণমুখী রাষ্ট্র গঠন সম্ভব নয়। এজন্য তিনি আগামী নির্বাচনে এসব ধর্মীয় নেতাদের দোয়া ও সমর্থনও কামনা করেন।
শাপলা চত্বরের ঘটনার প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, সেদিনকার অভিযানে হানাদার বাহিনীর আচরণের পুনরাবৃত্তি ঘটেছিল। সে সময় হেফাজতের পক্ষে এবং ‘গণহত্যার’ প্রতিবাদে বিএনপি দেশজুড়ে হরতালসহ নানা কর্মসূচি পালন করেছিল বলে উল্লেখ করেন তিনি।
অন্যদিকে একই অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, দলটি ক্ষমতায় গেলে কুরআন ও সুন্নাহবিরোধী কোনো আইন বহাল থাকবে না। সংবিধানের মূলনীতিতে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস পুনর্বহালের অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।

মতামত দিন