ইসির সিদ্ধান্তগুলোর কোনো নির্দিষ্ট নীতিমালা নেই: হাসনাত আবদুল্লাহ।
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নীতিমালার স্পষ্ট অভাব রয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
শুক্রবার (৩১ অক্টোবর) পিরোজপুরে দলের এক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “ইসি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে, সেগুলোর কোনো সুনির্দিষ্ট নীতিমালা নেই।
তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, তাই তাদের কাজের ভিত্তি হওয়া উচিত স্বচ্ছ নীতিমালা। ইচ্ছেমতো সিদ্ধান্ত নিলে জনগণের আস্থা নষ্ট হয়। আমরা জানতে চাই—কোন নিয়মে তারা প্রতীক অনুমোদন দেয় আর কোন নীতির ভিত্তিতে তা বাতিল করে।”
বিএনপি ও জামায়াতের সঙ্গে এনসিপির সম্পর্কের বিষয়ে হাসনাত জানান, দলের অবস্থান সংস্কারকেন্দ্রিক। “সংস্কারের পক্ষে যারা থাকবে, তাদের সঙ্গেই এনসিপি ঘনিষ্ঠতা বজায় রাখবে,” বলেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন এনসিপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুজাহিদুল ইসলাম শাহিন, বরিশাল জেলার প্রধান সমন্বয়কারী আবু সাঈদ মুসা, পিরোজপুর জেলার প্রধান সমন্বয়কারী মশিউর রহমানসহ দলের স্থানীয় নেতারা।

মতামত দিন