রাজনীতি
ছবি: সংগৃহীত

গণভোট আয়োজনসহ ৫দফা দাবি নিয়ে জামায়াতে ইসলামীসহ ৮ দলের নির্বাচন কমিশনে স্মারকলিপি।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী মাসে গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবি নিয়ে নির্বাচন কমিশনে স্মারকলিপি জমা দিয়েছেন জামায়াতে ইসলামী ও সমমনা আরও সাতটি রাজনৈতিক দল। বৃহস্পতিবার (৩০ অক্টোবর) প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে সাক্ষাতের পর দলগুলোর নেতারা এই স্মারকলিপি হস্তান্তর করেন।

স্মারকলিপি জমা দেওয়ার পর জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল আব্দুল হালিম জানান, নভেম্বরের মধ্যে গণভোট সম্পন্ন করতে হবে। তিনি বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসাথে আয়োজন করা সম্ভব নয়। স্মারকলিপিতে এই বিষয়টি উল্লেখ করা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণের পর আগামী তিন নভেম্বর নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

আব্দুল হালিম আরও জানান, কিছু রাজনৈতিক দল সংশোধিত গণপ্রতিনিধিত্ব আদেশে (আরপিও) পরিবর্তনের দাবি জানিয়েছে। তবে তারা চাইছেন, সংশোধিত আরপিওকে মূল অবস্থায় রাখার মাধ্যমে নির্বাচনে সমান সুযোগ নিশ্চিত করা হোক।

এর আগে, আজ দুপুর ১২টার দিকে আগারগাঁও মোড়ে সংক্ষিপ্ত সমাবেশের পর মিছিল করে নির্বাচন কমিশনে পৌঁছান জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সভায় বক্তারা বলেন, নভেম্বরের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি নিশ্চিত করে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে।

মতামত দিন