ভোটের দিন ছাড়া অন্য কোনো সময়ে গণভোটের সিদ্ধান্ত বিএনপি কখনোই মানবে না: মির্জা ফখরুল।
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, নির্বাচনের পূর্বে গণভোট আয়োজন করা সম্ভব নয়। তিনি বলেন, সময়, অর্থ এবং বৃহৎ নির্বাচনী প্রস্তুতির দিক থেকে এটি সম্পূর্ণ অযৌক্তিক এবং অবিবেচনাপ্রসূত।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন।
ফখরুল বলেন, ঐকমত্য কমিশনের প্রস্তাবিত দফাগুলোর ওপর গণভোট করার কথা বলা হলেও জুলাই সনদে রাজনৈতিক দলগুলোর মতামত, ভিন্নমত বা নোট অব ডিসেন্ট অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে কমিশনের সুপারিশ একপক্ষীয় ও জবরদস্তিমূলকভাবে জনগণের ওপর চাপানোর চেষ্টার অংশ হয়ে গেছে। তিনি এটিকে দীর্ঘ সময় ধরে কমিশনের সঙ্গে রাজনৈতিক দলের আলোচনাকে অর্থহীন ও প্রতারণামূলক হিসেবে উল্লেখ করেন।
তিনি আরও বলেন, জুলাই সনদের আইনি বৈধতা প্রদানের ক্ষমতা সরকারের নেই এবং কমিশন রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকারকে সঠিকভাবে স্বীকৃতি দেয়নি।
সংবিধান সংস্কার প্রসঙ্গে ফখরুল মন্তব্য করেন, প্রথম অধিবেশন শুরুর তারিখ থেকে ২৭০ দিনের মধ্যে সংস্কার সম্পন্ন না হলে কমিশনের অনুমোদিত বিল স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে অন্তর্ভুক্ত হবে—এটি পুরোপুরি অযৌক্তিক, হাস্যকর এবং উদ্দেশ্যপ্রণোদিত। তিনি মনে করান, সংসদে অনুমোদিত কোনো বিল রাষ্ট্রপতির অনুমোদনের পরই আইন হিসেবে কার্যকর হয় এবং সংবিধানে স্বয়ংক্রিয়ভাবে অন্তর্ভুক্ত হওয়ার কোনো সুযোগ নেই। এটি হলে গণতান্ত্রিক প্রথা এবং সংসদীয় সার্বভৌমত্বের পরিপন্থি হবে।

মতামত দিন