গণভোট নির্বাচনের আগে হলে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন সম্ভব হবে: সারজিস আলম।
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনের আগে গণভোটকে ইতিবাচক হিসেবে দেখছে। দলের উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, জুলাই জাতীয় সনদের আদেশ জারি করলে এটি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ড. মুহাম্মদ ইউনূসের অধীনে হবে এবং গণভোট নির্বাচনের আগে হলে দলীয় প্রভাবমুক্ত নির্বাচন সম্ভব হবে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) জাতীয় ঐকমত্য কমিশন থেকে ড. ইউনূসের কাছে সুপারিশ হস্তান্তরের পর বিকেলে রাজশাহীর পর্যটন মোটেলে সাংবাদিকদের এ কথা জানান তিনি। সারজিস আলম আরও বলেন, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের সুপারিশে কিছু ভাষাগত অস্পষ্টতা রয়েছে, যা পর্যালোচনা করে আগামীকাল পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি উল্লেখ করেন, নোট অফ ডিসেন্টের বিষয়টিকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে দল। তার মতে, নির্বাচন অবশ্যই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে হতে হবে; তত্ত্বাবধায়ক সরকারের সুযোগ নেই।
এর আগে দুপুরে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ‘নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের সঙ্গে জড়িতদের বিচার ও অভিযুক্ত সেনা সদস্যদের বিচার প্রক্রিয়া চলমান রাখতে হবে। আগের পদ্ধতিতে তত্ত্বাবধায়ক সরকার হবে না। আগামী জাতীয় সংসদ নির্বাচন ড. ইউনুসের নেতৃত্বেই অনুষ্ঠিত হবে।’
তিনি আরও জানিয়েছেন, সংস্কারের বিপক্ষে যারা দাঁড়ায় বা ইতিহাসে দায়ভার রয়েছে, এমন রাজনৈতিক দলের জাতীয় নির্বাচনে এনসিপির জোট হওয়ার সম্ভাবনা নেই। শাপলা প্রতীকের বিষয়ে তিনি নির্বাচন কমিশনের স্বেচ্ছাচারিতা উল্লেখ করেছেন।
এদিন এনসিপি রাজশাহী মহানগর, জেলা, জয়পুরহাট, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া ও নওগাঁর নেতাদের সাক্ষাৎকার নেন আহ্বায়ক কমিটি গঠনের লক্ষ্যে।
মতামত দিন