রাজনীতি
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় নির্বাচনে শাপলা প্রতীক নিয়েই অংশ নিবে এনসিপি: সারজিস আলম।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিজেদের দাবিকৃত শাপলা প্রতীক নিয়েই অংশ নেবে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের ভাষায়, “এই প্রতীক আমাদের অধিকার, আইনেও এর কোনো বাধা নেই।

প্রয়োজনে আমরা তা আদায় করব।”

সোমবার (২৭ অক্টোবর) টাঙ্গাইল প্রেস ক্লাবে অনুষ্ঠিত সাংগঠনিক সমন্বয় সভা শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা নির্বাচনের পক্ষে, গণতান্ত্রিক ধারার পক্ষে। ফেব্রুয়ারিতে ভোট হলেও এনসিপির আপত্তি নেই। তবে, অভ্যুত্থান-পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো প্রতিষ্ঠান যেন একতরফাভাবে ক্ষমতা প্রয়োগ না করে, সেটাই আমাদের দাবি।”

তিনি অভিযোগ করেন, “শাপলা প্রতীক না দেওয়ার কোনো বৈধ কারণ নেই, তবুও নানা টালবাহানা করা হচ্ছে। আমরা স্পষ্ট জানিয়ে দিয়েছি—এই প্রতীক আমাদের চাই, এবং সেটিই নিয়ে আমরা নির্বাচনে যাব।”

জুলাই সনদ বিষয়ে সারজিস আলম বলেন, “আমরা এখনো সনদে স্বাক্ষর করিনি, কারণ এর আইনি ভিত্তি অনিশ্চিত। সনদে যেসব মৌলিক সংস্কার নিয়ে আপত্তি তোলা হয়েছে, সেগুলোর ভবিষ্যৎ কী হবে, তা স্পষ্ট নয়। গণভোটে অনুমোদন পেলেও সরকার তা বাস্তবায়ন করবে কি না—এই নিশ্চয়তা ছাড়া আমরা জনগণের ইচ্ছার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারি না।”

সভায় সভাপতিত্ব করেন টাঙ্গাইল জেলা এনসিপির প্রধান সমন্বয়কারী মাসুদুর রহমান রাসেল। উপস্থিত ছিলেন ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক সাইফুল্লাহ হায়দারসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতারা।

মতামত দিন