রাজনীতি
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ।

নিজেস্ব প্রতিবেদক:

গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার নবগঠিত কমিটি নিয়ে তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। এতে সভাপতি মো. আল আমিন সরদারসহ ৪৯ নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

রোববার (২৬ অক্টোবর) কেন্দ্রীয় কমিটিকে ইমেইলের মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়।

পদত্যাগকারী নেতারা অভিযোগ করেছেন, নতুন কমিটি গঠন প্রক্রিয়ায় দলের মূলনীতি, যোগ্যতা ও মাঠপর্যায়ের নেতাকর্মীদের অবদান কোনোভাবে বিবেচনা করা হয়নি। অনেক পরিশ্রমী ও নিবেদিতপ্রাণ নেতা বঞ্চিত হয়েছেন। তারা বলেন, কমিটি গঠনের সময় স্বজনপ্রীতি ও ব্যক্তিকেন্দ্রিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা গণঅধিকার পরিষদের আদর্শ ও গণতান্ত্রিক চেতনার পরিপন্থি।

সদ্য পদত্যাগ করা সভাপতি মো. আল আমিন সরদার সাংবাদিকদের জানিয়েছেন, নতুন কমিটিতে সাবেক যুবলীগ ও এনসিপি নেতাদের অযাচিতভাবে পদ দেওয়া হয়েছে। এতে করে কমিটির নেতা ও সাধারণ সদস্যদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। তিনি বলেন, “আমরা সবসময় দলের প্রতি অনুগত থেকেছি, কিন্তু যেখানে আস্থা ও ন্যায়বিচার নেই, সেখানে দায়িত্ব পালন করা সম্ভব নয়। তাই আমরা সম্মিলিতভাবে পদত্যাগ করছি। তবে আমরা গণঅধিকার পরিষদের মূল আদর্শ, নীতি ও গণমানুষের রাজনীতিতে বিশ্বাসী।”

পদত্যাগের প্রেক্ষাপটে তিনি আরও বলেন, “রোববার আমরা কেন্দ্রীয় কমিটিকে সকলের মতো করে পদত্যাগপত্র পাঠিয়েছি। নতুন কমিটি ঘোষণার পর থেকেই নেতাকর্মীদের মধ্যে হতাশা ও ক্ষোভ বাড়ছে। এটি শুধু স্বজনপ্রীতি নয়, স্বেচ্ছাচারিতারও পরিচয়।”

জানা গেছে, গত ২৪ অক্টোবর কেন্দ্রীয় কমিটি গোপালগঞ্জ জেলা শাখার ৬৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেয়। নতুন কমিটিতে থাকা ৬৩ সদস্যের মধ্যে ৪৯ জন নেতাই পদত্যাগ করেছেন।

পদত্যাগকারী নেতারা আশা করছেন, কেন্দ্রীয় কমিটি বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং সমাধান করবে। তারা জানিয়েছেন, গণঅধিকার পরিষদের আদর্শ ও নীতি বজায় রেখে রাজনীতিতে সক্রিয় থাকতে চান।

মতামত দিন