রাজনীতি
ছবি: সংগৃহীত

জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ: আখতার হোসেন।

নিজেস্ব প্রতিবেদক:

সরকারের পক্ষ থেকে আওয়ামী লীগ নির্বাচনের বাইরে থাকবে— এমন আশ্বাসের মধ্যেই জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া মানেই আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করা।

রোববার (২৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আখতার হোসেন অভিযোগ করেন, “জাতীয় পার্টি নামের এই সংগঠন আসলে আওয়ামী লীগেরই সম্প্রসারিত রূপ। আজকের আওয়ামী লীগ যে অবস্থানে, তা গঠনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে জাতীয় পার্টি নিজেই।”

তিনি বলেন, সরকার আশ্বস্ত করেছে— আওয়ামী লীগ আসন্ন জাতীয় নির্বাচনে অংশ নেবে না। অথচ যাঁরা এখন আওয়ামী লীগকে ভোটে টানার চেষ্টা করছেন, তাঁরা দেশের স্বার্থের বিরুদ্ধে কাজ করছেন এবং তাঁদের আইনের আওতায় আনতে হবে।

এনসিপি নেতা আরও বলেন, রাষ্ট্রের কাঠামোগত সংস্কার নিয়ে প্রায় সব রাজনৈতিক দল ঐকমত্যে পৌঁছেছে। জুলাই সনদকে আইনি বৈধতা দেওয়ার প্রশ্নেও দলগুলো একমত, কিন্তু এখনও বাস্তব অগ্রগতি দেখা যায়নি। দেশের সংকট কাটাতে হলে জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন জরুরি।

তিনি বলেন, সব দলই জুলাই সনদের আইনি ভিত্তি চায়— এখন কেবল বাধাগুলো চিহ্নিত করতে হবে। কোনো দলের নিজস্ব স্বার্থ যদি এই প্রক্রিয়াকে ঠেকায়, তবে তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে সেই স্বার্থ পরিহারের আহ্বান জানাতে হবে। দেশের প্রশ্নে সব রাজনৈতিক শক্তিকে একমঞ্চে আসতেই হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। পরিচালনা করেন মুখপাত্র ফারুক হাসান। সভায় আরও বক্তব্য দেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, খেলাফত মজলিসের মহাসচিব আহমদ আবদুল কাদের, বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব জালালুদ্দীন আহমদ, খেলাফত আন্দোলনের নায়েবে আমির মুজিবুর রহমান হামিদী, নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সারসহ বিভিন্ন দলের নেতারা।

মতামত দিন